নিজস্ব সংবাদদাতা,কাঁকসা(খবর7দিন প্লাস):- মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই বাইক আরোহী। গুরুতর আহত অবস্থায় আরও এক যুবক কাঁকসার রাজবাঁধ এলাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে কাঁকসার রাজবাঁধ থেকে গোপালপুর যাওয়ার রাস্তায়।
মৃতদের পরিচয় পাওয়া গেছে সান্তনু সর্দার (বাসিন্দা: গোপালপুর, কাঁকসা) এবং তাপস ওঝা (বাসিন্দা: মেজিয়া, বাঁকুড়া)। পুলিশ সূত্রে জানা গেছে, একটি বাইকে করে তিনজন গোপালপুরের দিকে যাচ্ছিলেন। পথ চলাকালীন আচমকাই বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছে সজোরে ধাক্কা মারে। ধাক্কার জেরে তিনজনই বাইক থেকে ছিটকে পড়েন।
রক্তাক্ত অবস্থায় তাদের পড়ে থাকতে দেখে স্থানীয় পথচারীরা কাঁকসা থানার পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা দুই যুবককে মৃত বলে ঘোষণা করেন। অপর আহত যুবককে পরিবারের সদস্যরা কাঁকসার রাজবাঁধের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার তাপস ওঝার মাসির মেয়ের বিয়ে ছিল। সেই সূত্রেই তিনি গোপালপুরে এসেছিলেন এবং সেখানকার বন্ধুদের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয়। বন্ধুদের সঙ্গে রাজবাঁধে ঘুরতে গিয়েছিলেন তারা। সেখান থেকে ফেরার পথেই এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
এই দুর্ঘটনায় দুই যুবকের অকাল মৃত্যুর খবরে পরিবার ও গোপালপুর এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। বৃহস্পতিবার কাঁকসা থানার পুলিশ দুইজনের মৃতদেহ ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

