সত্যনারায়ণ সিংহ,জামুড়িয়া(খবর7দিন প্লাস):-
শ্রমিক স্বার্থে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের মাননীয় শ্রমমন্ত্রী মলয় ঘটক মহাশয়ের উদ্যোগে এবং জামুড়িয়ার বিধায়ক হরে রাম সিং-এর নিরলস প্রচেষ্টায় পশ্চিম বর্ধমান জেলার তপসী এলাকার ভূতবাংলায় চালু হতে চলেছে রাজ্য বীমা চিকিৎসালয়।
পশ্চিমবঙ্গ সরকারের শ্রমদপ্তরের অধীন “কর্মচারী রাজ্য বীমা (চিকিৎসা সুবিধা) প্রকল্প”-এর আওতায় এই চিকিৎসালয় স্থাপিত হচ্ছে। এর ফলে শিল্পনগরী জামুড়িয়া ও সংলগ্ন শিল্পাঞ্চলের হাজার হাজার শ্রমিক ও তাঁদের পরিবার আধুনিক ও মানসম্মত চিকিৎসা পরিষেবা পাওয়ার সুযোগ পাবেন।
জামুড়িয়া শিল্পাঞ্চলে কয়লা খনি ও বিভিন্ন কারখানায় বিপুল সংখ্যক শ্রমিক কর্মরত। দীর্ঘদিন ধরেই এই অঞ্চলে একটি পূর্ণাঙ্গ রাজ্য বীমা চিকিৎসালয়ের দাবি উঠে আসছিল। অবশেষে সেই দাবি বাস্তবায়নের পথে এগোনোয় শ্রমিক মহলে খুশির হাওয়া বইছে।
স্থানীয় বাসিন্দা ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা জানিয়েছেন, এই চিকিৎসালয় চালু হলে শ্রমিকদের আর চিকিৎসার জন্য দূরবর্তী শহরে যেতে হবে না। এতে একদিকে যেমন সময় ও অর্থ সাশ্রয় হবে, তেমনই জরুরি চিকিৎসা পরিষেবাও সহজলভ্য হবে।
সামগ্রিকভাবে, শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে রাজ্য সরকারের শ্রমিকবান্ধব নীতিরই বাস্তব প্রতিফলন এই জামুড়িয়া রাজ্য বীমা চিকিৎসালয় এমনটাই মত সংশ্লিষ্ট মহলের।

