SIR-এর প্রতিবাদ ও রাজ্য বাজেটে প্রকল্প ভিত্তিক বরাদ্দ বৃদ্ধির সমর্থনে কাঁকসায় মুকুটহীন তৃণমূলের বাইক মিছিল

নিজস্ব সংবাদদাতা,কাঁকসা(খবর7দিন প্লাস):-
রাজ্যজুড়ে SIR-এর নামে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ তুলে এবং রাজ্য বাজেটে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পে বরাদ্দ বৃদ্ধির সমর্থনে রবিবার কাঁকসায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক বিশাল বাইক মিছিল অনুষ্ঠিত হয়। কয়েকশো কর্মী ও সমর্থকের অংশগ্রহণে এই মিছিল কাঁকসা জুড়ে রাজনৈতিক তাৎপর্য সৃষ্টি করে।

বাইক মিছিলের নেতৃত্ব দেন তৃণমূল নেতা তথা কাঁকসা পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ পিরু খান। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কাঁকসা ত্রিলোকচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান স্বপ্না বাগদি, উপ-প্রধান প্রসেনজিৎ ঘোষ, জেলা পরিষদের সদস্য সমীর বিশ্বাস, কাঁকসা গ্রাম পঞ্চায়েতের সদস্য গৌতম বাউড়ি, বনকাটি অঞ্চলের তৃণমূল নেতা লালু রায় সহ কাঁকসা, ত্রিলোকচন্দ্রপুর ও বনকাটি পঞ্চায়েতের একাধিক জনপ্রতিনিধি ও নেতৃত্বস্থানীয় কর্মীরা।

পানাগড় গ্রামে অবস্থিত তৃণমূলের দলীয় কার্যালয় থেকে বাইক মিছিলটি শুরু হয়ে কাঁকসার বিভিন্ন এলাকা পরিক্রমা করে পুনরায় পানাগড় গ্রামেই এসে শেষ হয়। মিছিল চলাকালীন SIR-এর বিরুদ্ধে স্লোগান এবং জয় বাংলার স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা।

এদিন পিরু খান অভিযোগ করেন, SIR-এর নামে রাজ্য জুড়ে সাধারণ মানুষকে অযথা হয়রানি করা হচ্ছে। তাঁর দাবি, নির্বাচন কমিশন বিজেপির স্বার্থে কাজ করছে। তিনি জানান, তৃণমূল কংগ্রেস শুরু থেকেই এই প্রক্রিয়ার বিরোধিতা করে আসছে এবং ভবিষ্যতেও এই আন্দোলন চলবে।পাশাপাশি, রাজ্য বাজেটে লক্ষীর ভান্ডার সহ একাধিক জনমুখী প্রকল্পে বরাদ্দ বৃদ্ধি করায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান তৃণমূল নেতৃত্ব। মিছিল থেকে সাধারণ মানুষের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর উন্নয়নমূলক কর্মসূচির পাশে থাকার আহ্বান জানানো হয়।

এই বাইক মিছিলকে কেন্দ্র করে কাঁকসা জুড়ে রাজনৈতিক তৎপরতা এবং আলোচনার পারদ চড়তে দেখা যায়।


নবীনতর পূর্বতন