পঞ্চায়েত মন্ত্রীর উপস্থিতিতে কাঁকসার আমলাজোড়া গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে ১৮টি স্কুলে বসানো হল শীতল পানীয় জলের মেশিন

নিজস্ব সংবাদদাতা,কাঁকসা(খবর7দিন প্লাস):-
শীত প্রায় বিদায় নিয়েছে, সামনে গ্রীষ্মকাল। আর গরমের সময় কাঁকসা এলাকায় তাপমাত্রা বেশ চড়াই থাকে। এই পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের স্বস্তি দিতে উদ্যোগ নিল কাঁকসার আমলাজোড়া গ্রাম পঞ্চায়েত। পঞ্চায়েতের উদ্যোগে এলাকার ১৮টি বিদ্যালয়ে বসানো হল পরিশুদ্ধ ঠান্ডা পানীয় জলের মেশিন।

জানা গেছে, আমলাজোড়া গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে আগে থেকেই একটি শীতল পানীয় জলের মেশিন ছিল। পঞ্চায়েতের পাশেই একটি উচ্চ বিদ্যালয় ও একটি প্রাথমিক বিদ্যালয় থাকায় টিফিনের সময় বা স্কুল ছুটির পর বহু পড়ুয়া ঠান্ডা জল নিতে পঞ্চায়েত কার্যালয়ে ভিড় করত। বিষয়টি নজরে আসে পঞ্চায়েতের প্রধান কণিকা বাগদি ও উপপ্রধান নাসিম আলি মীরের। প্রথমে ওই দুটি স্কুলে মেশিন বসানোর পরিকল্পনা করা হলেও পরে সিদ্ধান্ত নেওয়া হয়, পঞ্চায়েতের অধীন সবকটি বিদ্যালয়েই এই ব্যবস্থা করা হবে।

সেই ভাবনা থেকেই পঞ্চায়েতের অধীনস্থ ১৮টি বিদ্যালয়ে শীতল ও পরিশুদ্ধ পানীয় জলের মেশিন বসানোর উদ্যোগ নেওয়া হয়। শনিবার আমলাজোড়া গ্রাম পঞ্চায়েতের সামনে একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে বিদ্যালয়গুলির কর্তৃপক্ষ ও শিক্ষক-শিক্ষিকাদের হাতে ওই মেশিন তুলে দেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বৈশাখী বন্দ্যোপাধ্যায়, আমলাজোড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান কণিকা বাগদি, উপপ্রধান নাসিম আলি মীর, পঞ্চায়েত সমিতির সদস্য কুলদীপ সরকার ও নবকুমার সামন্ত, সমাজসেবী রাজেশ কোনার সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা।

পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানান, গরমের সময় ছাত্রছাত্রীরা বোতল হাতে পঞ্চায়েতে এসে ঠান্ডা পানীয় জল সংগ্রহ করত। বিষয়টি নজরে আসার পরই সিদ্ধান্ত নেওয়া হয় যাতে পড়ুয়াদের আর কষ্ট করে রোদে পঞ্চায়েতে আসতে না হয়। সেই লক্ষ্যেই বিদ্যালয়গুলিতে শীতল ও পরিশুদ্ধ পানীয় জলের মেশিন বসানোর ব্যবস্থা করা হয়েছে। এই উদ্যোগের জন্য পঞ্চায়েতের সদস্যদের ধন্যবাদ জানিয়ে তাদের প্রশংসাও করেন তিনি।

নবীনতর পূর্বতন