বৃষ্টিকে সঙ্গী করেই ঈদের নামাজ, বীরভূম-কাঁকসা-বাঁকুড়া জুড়ে সম্প্রীতি, শুভেচ্ছা ও আনন্দের আবহ

 

নিজস্ব সংবাদদাতা,(খবর7দিন প্লাস):-শনিবার পবিত্র ঈদ উল ফেতর উপলক্ষে বীরভূম, কাঁকসা ও বাঁকুড়া জুড়ে উৎসবমুখর পরিবেশের মধ্যে পালিত হল ঈদের নামাজ। সকাল থেকেই ঝিরঝিরে বৃষ্টি ও মেঘলা আবহাওয়া সত্ত্বেও ভক্তদের উচ্ছ্বাসে কোথাও ভাটা পড়েনি; বরং প্রকৃতিকে সঙ্গী করেই সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়ে সর্বত্র।

বীরভূম জেলার খুষ্টিগিরী দরগাহ শরীফ প্রাঙ্গণে ভাবগম্ভীর পরিবেশে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময় সকাল ৮টা থাকলেও বৃষ্টির কারণে তা পিছিয়ে সাড়ে ৯টায় শুরু হয়। খুষ্টিগিরী সহ আশপাশের গ্রাম এবং ভিন জেলা থেকেও অসংখ্য মানুষ নামাজে অংশ নেন। ইলামবাজার ব্লকের জয়দেব-কেন্দুলি অঞ্চলের ছোটচক, সাহাপুর, বড়চাতুরি প্রভৃতি এলাকা থেকেও ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। নামাজ শেষে সকলেই একে অপরকে আলিঙ্গন করে শুভেচ্ছা জানান।
খুষ্টিগিরী দরগাহ শরীফের মোতাওয়াল্লী ও সাজ্জাদানেশীন হজরত সৈয়দ শাহ হাফিজুর রহমান কেরমানী সাহেব সম্প্রীতি ও মানবতার বার্তা তুলে ধরেন। একইসঙ্গে সুফি সাধক হজরত আব্দুল্লাহ কেরমানী (রহঃ)-এর মাজার শরীফ জিয়ারতে সব ধর্মের মানুষের ভিড় লক্ষ্য করা যায়, যা এই দরগাহকে সম্প্রীতির এক মিলনক্ষেত্রে পরিণত করেছে।

অন্যদিকে, কাঁকসায়ও বৃষ্টিকে উপেক্ষা করেই দানবাবা মাজারে হাজার হাজার মুসলিম ধর্মাবলম্বী ঈদের নামাজে অংশ নেন। নামাজ শেষে পরস্পরের মধ্যে আলিঙ্গন ও শুভেচ্ছা বিনিময়ে উৎসবের আবহ তৈরি হয়। 


সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কাঁকসা ট্রাফিক গার্ড ও থানার পুলিশ ছিল তৎপর।


দানবাবা সেবা কমিটির চেয়ারম্যান পিরু খান জানান, “প্রতিবারের মতো এবারও শান্তিপূর্ণভাবেই ঈদের নামাজ সম্পন্ন হয়েছে। বৃষ্টি কোনো বাধা হয়ে দাঁড়ায়নি।” তিনি আরও জানান, কাঁকসায় সকল সম্প্রদায়ের মানুষ মিলেমিশে এই দিনটি উদযাপন করছেন।

এদিন বাঁকুড়াতেও ঈদের আনন্দে মেতে ওঠেন সাধারণ মানুষ। বিশেষ তাৎপর্যপূর্ণভাবে, ভিন্ন রাজনৈতিক দলের দুই প্রার্থী তৃণমূলের ডা. অনুপ মণ্ডল এবং সিপিএমের অভয় মুখোপাধ্যায় একসঙ্গে সৌজন্য বিনিময় করে সম্প্রীতির নজির গড়েন। ঈদের নামাজ শেষে তাঁরা বাঁকুড়া জামা মসজিদের ইমামের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

ইমাম এদিন বিশ্বজুড়ে শান্তি ও সংহতির বার্তা দেন।

সব মিলিয়ে, বৃষ্টিভেজা সকালেও বীরভূম, কাঁকসা ও বাঁকুড়া জুড়ে পবিত্র ঈদ উল ফেতর হয়ে উঠল সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের এক উজ্জ্বল উদাহরণ।

নবীনতর পূর্বতন