দ্বিতীয় দফার ভোটে কাঁকসায় কড়া নিরাপত্তা, রুটমার্চে কেন্দ্রীয় বাহিনী শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে বাড়তি নজরদারি কমিশনের, গুরুত্বপূর্ণ এলাকায় মোতায়েন জওয়ান

 

নিজস্ব সংবাদদাতা, কাঁকসা(খবর7দিন প্লাস):-বুধবার দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কাঁকসা জুড়ে কড়া নিরাপত্তার বলয় গড়ে তুলেছে নির্বাচন কমিশন। শান্তিপূর্ণ ও অবাধ ভোটগ্রহণ নিশ্চিত করতে ইতিমধ্যেই কঠোর অবস্থান নিয়েছে কমিশন। যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে কেন্দ্রীয় বাহিনীকে।মঙ্গলবার পানাগড় বাজার-সহ কাঁকসার বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রুটমার্চ করেন। 

তাদের সঙ্গে ছিলেন কাঁকসা থানার পুলিশ আধিকারিকরাও। হাতে লাঠি, গার্ড বন্দুক নিয়ে এলাকায় টহল দেন জওয়ানরা। পাশাপাশি ব্যানার ও মাইক নিয়ে ভোটারদের উদ্দেশে সচেতনতামূলক বার্তাও দেন তারা।

কেন্দ্রীয় বাহিনীর তরফে ভোটারদের আশ্বস্ত করে বলা হয়, ভোটের দিন কেউ যদি ভোট দিতে যেতে বাধার মুখে পড়েন, ভয়ভীতি দেখানো হয় বা কোনও সমস্যার সম্মুখীন হন, তাহলে সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশনের হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে হবে। অভিযোগ পেলেই দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

বুধবার গলসি বিধানসভার অন্তর্গত কাঁকসা ব্লকের চারটি পঞ্চায়েতে ভোটগ্রহণ হবে। তার মধ্যে কাঁকসার বিধবিহার, বনকাটি এবং পানাগড় এলাকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। অতীতে নির্বাচনের সময় এই সব এলাকা থেকে অশান্তির খবর উঠে আসায় এবার আগে থেকেই বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।

নির্বাচনের দিন ঘোষণার আগেই কাঁকসায় এক কোম্পানি আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছিল। পরে আরও এক কোম্পানি বাহিনী এলাকায় আসে। নিরাপত্তা জোরদার করতে উচ্চক্ষমতা সম্পন্ন সিসি ক্যামেরা লাগানো ছোট গাড়িও রাখা হয়েছে নজরদারির কাজে।

প্রশাসন সূত্রে খবর, ভোটের আগের দিন থেকেই গুরুত্বপূর্ণ মোড় ও সংবেদনশীল এলাকায় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর যৌথ টহল চলবে। বিভিন্ন গাড়িতে করে এলাকায় নজরদারি চালানো হবে, যাতে ভোটের দিন সর্বত্র শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে।

নবীনতর পূর্বতন