জয়ন্ত মন্ডল,বীরভূম(খবর7দিন প্লাস):-দেশমাতৃকার সেবায় প্রাণ উৎসর্গ করলেন বীরভূমের এক তরুণ অগ্নিবীর জওয়ান। জম্মু-কাশ্মীরে কর্মরত অবস্থায় আকস্মিক মৃত্যু হয়েছে বীরভূম জেলার মল্লারপুর থানার সোঁজ গ্রামের বাসিন্দা অনুপম মণ্ডলের (২৪)। এই মর্মান্তিক ঘটনায় গোটা গ্রামে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত প্রায় আটটা নাগাদ জম্মু-কাশ্মীর থেকে নিজের মা মল্লিকা মণ্ডলের সঙ্গে ফোনে কথা বলেন অনুপম। পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গেও তার স্বাভাবিক কথাবার্তা হয়। কিন্তু সেই স্বাভাবিক কথোপকথনের কিছুক্ষণের মধ্যেই সেনাবাহিনীর পক্ষ থেকে বাড়িতে ফোন আসে। রাত হয়ে যাওয়ায় পরিবারের সদস্যরা তখন ঘুমিয়ে পড়েছিলেন, ফলে ফোনটি আর ধরা সম্ভব হয়নি।
শুক্রবার সকালে ফের সেনাবাহিনীর তরফে যোগাযোগ করা হলে পরিবারের কাছে পৌঁছয় সেই হৃদয়বিদারক খবর অনুপম আর নেই। মুহূর্তের মধ্যেই শোকে ভেঙে পড়ে পরিবার। একমাত্র সন্তানকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন বাবা রামপ্রসাদ মণ্ডল ও মা মল্লিকা মণ্ডল।
খবর ছড়িয়ে পড়তেই সোঁজ গ্রামে ভিড় জমান প্রতিবেশী, আত্মীয়স্বজন ও স্থানীয় বাসিন্দারা। গ্রামের মানুষের চোখে জল, মুখে একটাই কথা “দেশের জন্য প্রাণ দিল আমাদের গ্রামের ছেলে।”
অনুপমের অকাল প্রয়াণে শোকস্তব্ধ হয়ে পড়েছে গোটা এলাকা। সীমান্তে দাঁড়িয়ে দেশের নিরাপত্তার জন্য আমাদের জওয়ানরা যে কত বড় ত্যাগ স্বীকার করেন, এই ঘটনা আবারও তা মনে করিয়ে দিল। তরুণ অগ্নিবীরের এই অকাল মৃত্যুতে বীরভূম জেলাজুড়ে শোকের আবহ।

