নিউজ ডেস্ক,কলকাতা(খবর7দিন প্লাস):- পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জোড়া জয়ের পর এবার রাজনৈতিক মহলে বড় প্রশ্ন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী কোন আসনটি রাখবেন, নন্দীগ্রাম না ভবানীপুর? এই সিদ্ধান্ত জানতে এখনও কিছুটা সময় লাগতে পারে, তবে তাঁর সাম্প্রতিক মন্তব্যে নন্দীগ্রামের প্রতি বিশেষ টান থাকার ইঙ্গিত মিলেছে।
বুধবার নন্দীগ্রামে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, “আমার দলের কেন্দ্রীয় নেতারা যেটা ঠিক করবেন, সেটাই হবে। আমার মতামত যা-ই হোক, সেখানেই জানাব। আমি ভবানীপুর এবং নন্দীগ্রাম দু’জনকেই বলছি, আমি আমার কর্তব্য থেকে সরে যাব না। দু’টি কেন্দ্রের জন্যই দায়িত্ব পালন করব। বাকিটা আমার হাতে নয়।”
২০২৬ সালের হাইভোল্টেজ নির্বাচনে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম ও ভবানীপুর দুই কেন্দ্র থেকেই জয়লাভ করেছেন। নন্দীগ্রামে প্রায় ৯ হাজার ভোটে এবং ভবানীপুরে ১৫ হাজারের বেশি ভোটে জয় তাঁর রাজনৈতিক গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে।
শুভেন্দুর রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল অধিকারী পরিবারের হাত ধরেই। তৃণমূল কংগ্রেসে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নন্দীগ্রাম ও সিঙ্গুর আন্দোলনের অন্যতম মুখ হয়ে উঠেছিলেন তিনি। বিধায়ক, সাংসদ থেকে শুরু করে রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রিত্বও সামলেছেন।
তবে ২০২০ সালে তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়ার পর তিনি বিজেপিতে যোগ দেন। এরপর দ্রুতই কেন্দ্রীয় নেতৃত্বের আস্থা অর্জন করে রাজ্য বিজেপির প্রধান মুখ হিসেবে উঠে আসেন। রাজনৈতিক মহলের মতে, বাংলায় বিজেপির সংগঠন মজবুত করতে শুভেন্দুর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এবারের নির্বাচনে জোড়া জয়ের পর তাঁর রাজনৈতিক ওজন আরও বেড়েছে। এখন নজর দিল্লির সিদ্ধান্তে শুভেন্দু অধিকারী শেষ পর্যন্ত কোন কেন্দ্রকে নিজের রাজনৈতিক ঠিকানা হিসেবে বেছে নেন, সেটাই দেখার।

