বিজেপি বিরোধী জোটে মমতার ডাক, সেলিমের সাফ জবাব “না, একদম না”

 

নিজস্ব সংবাদদাতা,কলকাতা(খবর7দিন প্লাস):-
রাজ্যে বিজেপি বিরোধী শক্তিগুলিকে এক মঞ্চে আনার লক্ষ্যে নতুন রাজনৈতিক জোট গঠনের প্রস্তাব দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার নিজের বাড়ির সামনে রবীন্দ্রজয়ন্তী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বাম, অতিবাম-সহ বিজেপি বিরোধী সমস্ত শক্তিকে যৌথ লড়াইয়ের আহ্বান জানান।

তবে মমতার এই প্রস্তাব প্রকাশ্যে খারিজ করে দিল সিপিএম। লিখিত বিবৃতিতে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম স্পষ্ট ভাষায় জানান, “না, একদম না।”

সিপিএমের তরফে সামাজিক মাধ্যমে জানানো হয়, অপরাধী, তোলাবাজ, দুর্নীতিগ্রস্ত, সাম্প্রদায়িক পরিচয় আছে  এমন কাউকে ঢুকতে দেওয়া হবে না। দলের তরুণ নেতৃত্বও সেই বক্তব্যে সমর্থন জানায়।

শুধু সিপিএম নয়, মমতার এই প্রস্তাবের সমালোচনা করেছেন প্রাক্তন টিএমসিপি নেতা সুপ্রিয় চন্দও। বিজেপি বিরোধী আন্দোলনে বামেদের সঙ্গে নেওয়ার আহ্বান নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

রাজনৈতিক মহলের একাংশের মতে, পরিস্থিতি অনুযায়ী জোট রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান বহুবার বদলেছে। ২০১১ সালে বামফ্রন্ট সরকারকে সরাতে কংগ্রেসের সঙ্গে জোট করেছিল তৃণমূল। আর ২০২৬ সালে বিজেপি ক্ষমতায় আসার পর সেই বামেদেরই এখন রাজনৈতিক লড়াইয়ের সঙ্গী হিসেবে চাইছেন তিনি।

তবে সিপিএম নেতৃত্ব স্পষ্ট করে দিয়েছে, বিজেপি বিরোধিতার প্রশ্নে তারা তৃণমূলের সঙ্গে কোনও সমঝোতায় যাচ্ছে না। সেলিমের বক্তব্য, তৃণমূলের সঙ্গে দুর্নীতি ও তোলাবাজির অভিযোগ জড়িয়ে রয়েছে, তাই মমতার প্রস্তাবে সাড়া দেওয়ার প্রশ্নই ওঠে না।

রাজ্যের রাজনীতিতে এই পাল্টা অবস্থান আগামী দিনে বিরোধী রাজনীতির সমীকরণে নতুন মাত্রা যোগ করবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

নবীনতর পূর্বতন