নিজস্ব সংবাদদাতা,বুদবুদ(খবর7দিন প্লাস):-বুদবুদের অ্যামিউনেশন রোড এলাকায় একটি গ্যাসের দোকানে বেআইনি ভাবে রান্নার গ্যাসের সিলিন্ডার মজুদের অভিযোগকে কেন্দ্র করে শুক্রবার রাতে চাঞ্চল্য ছড়ায়। অভিযোগের ভিত্তিতে স্থানীয় বিজেপি কর্মীরা দোকানে গিয়ে বিপুল সংখ্যক গ্যাস সিলিন্ডার দেখতে পান বলে দাবি করেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিজেপি কর্মীরা দোকান মালিক প্রাণতোষ আইচের কাছে ব্যবসার প্রয়োজনীয় নথিপত্র দেখতে চাইলে তিনি তা দেখাতে পারেননি বলে অভিযোগ। এরপর বিষয়টি বুদবুদ থানার পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যবসায়ীকে আটক করে থানায় নিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দোকানের গুদামঘর থেকে বেশ কয়েকটি রান্নার গ্যাসের সিলিন্ডার উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া সিলিন্ডারগুলির বৈধতা এবং ব্যবসার প্রয়োজনীয় অনুমোদন সংক্রান্ত নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে।
বিজেপি কর্মীদের দাবি, দীর্ঘদিন ধরেই বৈধ অনুমতি ছাড়াই এলাকায় গ্যাস সিলিন্ডারের ব্যবসা চলছিল। কীভাবে বিপুল পরিমাণ সিলিন্ডার মজুত করা হয়েছিল, তা নিয়েও প্রশ্ন উঠেছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বুদবুদ থানার পুলিশ।

