নিউজ ডেক্স,কলকাতা(খবর7দিন প্লাস):- দিঘার জগন্নাথ মন্দিরের নাম থেকে ‘ধাম’ শব্দটি সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার কলকাতায় পুরীর বিজেপি সাংসদ সম্বিত পাত্র ও ওড়িশা সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
উল্লেখ্য, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে নির্মিত দিঘার জগন্নাথ মন্দিরকে ‘জগন্নাথ ধাম’ নামে অভিহিত করা হয়েছিল। সেই সময় থেকেই বিজেপি এবং ওড়িশার বিভিন্ন মহল আপত্তি জানিয়ে আসছিল যে, সনাতন ধর্মের প্রচলিত বিশ্বাস অনুযায়ী ‘জগন্নাথ ধাম’ নামটি পুরীর সঙ্গেই অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং চার ধামের বাইরে অন্য কোনও মন্দিরকে ওই নামে ডাকা উচিত নয়।মঙ্গলবার কলকাতায় এসে সম্বিত পাত্র জানান, ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির একটি চিঠি তিনি রাজ্য সরকারের হাতে তুলে দিয়েছেন। সেখানে দিঘার মন্দিরের নাম থেকে ‘ধাম’ শব্দটি অপসারণের অনুরোধ জানানো হয়েছে।
সম্বিত পাত্র বলেন, “আমরা চাই দেশে আরও বেশি সংখ্যায় মন্দির গড়ে উঠুক। কিন্তু ‘ধাম’ শব্দটির একটি বিশেষ ধর্মীয় গুরুত্ব রয়েছে। সনাতন ধর্মে চারটি ধাম রয়েছে, এর বাইরে আর কোনও ধাম নেই। তাই এই নাম নিয়ে আমাদের আপত্তি ছিল।”
এরপর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, বিষয়টি নিয়ে আইনি ও প্রশাসনিক নথিপত্র খতিয়ে দেখা হয়েছে। তাঁর বক্তব্য, “সরকারি অনুমোদনের নথিতে প্রকল্পটির নাম ‘জগন্নাথ কালচারাল সেন্টার’ হিসেবে উল্লেখ রয়েছে। সেখানে ‘ধাম’ শব্দের কোনও উল্লেখ নেই। সেই কারণেই মন্দির চত্বর থেকে ‘ধাম’ শব্দটি সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
তিনি আরও জানান, মন্দিরটির নতুন নাম হবে ‘জগন্নাথ দেব মন্দির’।
এই সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। একদিকে বিজেপি ও ওড়িশার ধর্মীয় মহল এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে, অন্যদিকে বিরোধী শিবিরের একাংশের মতে, বিষয়টি নিয়ে রাজনৈতিক বিতর্ক আরও বাড়তে পারে।

