টাকা না পেয়ে দিদিমাকে কোদালের কোপে খুন, গ্রেফতার নাতি

জয়ন্ত মন্ডল,বীরভূম,(খবর7দিন প্লাস):- টাকার জন্য বিবাদের জেরে দিদিমাকে কোদাল দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল নাতির বিরুদ্ধে। শুক্রবার রাতে বীরভূমের ময়ূরেশ্বর থানার অন্তর্গত একটি আদিবাসী পাড়ায় ঘটে এই মর্মান্তিক ঘটনা। নিহতের নাম লক্ষ্মী সোরেন। ঘটনায় অভিযুক্ত নাতি রুবন কিসকুকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে রুবন কিসকু তার দিদিমার কাছে কিছু টাকা চেয়েছিল। অভিযোগ, লক্ষ্মী সোরেন টাকা দিতে অস্বীকার করলে দু’জনের মধ্যে বচসা শুরু হয়। সেই বচসা ক্রমশ তীব্র আকার নেয়।

অভিযোগ, রাগের মাথায় ঘরে থাকা একটি কোদাল তুলে দিদিমার মাথায় আঘাত করে রুবন। গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন লক্ষ্মী সোরেন। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাঁকে উদ্ধার করার চেষ্টা করলেও ততক্ষণে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা যায়।

ঘটনার খবর পেয়ে ময়ূরেশ্বর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। অভিযুক্ত রুবন কিসকুকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার স্বাস্থ্য পরীক্ষা করানোর পর ধৃতকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয়। ঘটনার প্রকৃত কারণ ও অন্যান্য দিক খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।


নবীনতর পূর্বতন