জয়ন্ত মণ্ডল,বীরভূম(খবর7দিন প্লাস):-বিধানসভা নির্বাচন পরবর্তী সময়ে বীরভূমের রাজনৈতিক মহলে ফের জোর চর্চার কেন্দ্রবিন্দুতে বোলপুর পৌরসভা। স্বামীর বিরুদ্ধে ভোট-পরবর্তী হিংসার অভিযোগে মামলা রুজু হওয়ার পর বোলপুর পৌরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন অনুব্রত মণ্ডল-ঘনিষ্ঠ বলে পরিচিত পুরপ্রধান পর্ণা ঘোষ।
শুক্রবার তিনি বোলপুরের মহকুমা শাসক অনিমেষ কান্তি মান্না-র কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণ ও শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করা হলেও, রাজনৈতিক মহলের একাংশের মতে, সাম্প্রতিক আইনি জটিলতার সঙ্গেই এই সিদ্ধান্তের যোগ থাকতে পারে।
সূত্রের খবর, সম্প্রতি পর্ণা ঘোষের স্বামীর বিরুদ্ধে ভোট-পরবর্তী হিংসার ঘটনায় জড়িত থাকার অভিযোগে মামলা দায়ের হয়েছে। সেই ঘটনার পরই চেয়ারম্যানের পদত্যাগ ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক জল্পনা। অনেকের মতে, পরিস্থিতির চাপে পড়েই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
তবে বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি পর্ণা ঘোষ। তাঁর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো প্রতিক্রিয়া মেলেনি। একইভাবে স্থানীয় তৃণমূল নেতৃত্বও এই ইস্যুতে মুখ খুলতে নারাজ।
বোলপুর পৌরসভার চেয়ারম্যানের আকস্মিক পদত্যাগে জেলা রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মিলছে বলে মনে করছে রাজনৈতিক মহল। এখন নজর, আগামী দিনে বোলপুর পৌরসভার দায়িত্ব কার হাতে যায় এবং এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নেয়।

