উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে এবার কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা, ৩০ জুন CID-র তলবে অভিষেক বন্দ্যোপাধ্যায়

 

নিউজ ডেস্ক,(খবর7দিন প্লাস):- নির্বাচনী প্রচারে করা একটি মন্তব্যকে কেন্দ্র করে তদন্তে নতুন পদক্ষেপ নিল রাজ্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (CID)। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তাঁর কণ্ঠস্বরের নমুনা (Voice Sample) পরীক্ষার জন্য আগামী ৩০ জুন হাজির হতে বলা হয়েছে বলে সূত্রের খবর।

অভিযোগ, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রচার চলাকালীন এক সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি বক্তব্য রাখেন, যা নিয়ে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ ওঠে। ওই বক্তব্যে তিনি বলেছিলেন, “আমি সব সময় উদারতায় বিশ্বাসী নই। আইন সকলের জন্য এক। কিন্তু যেখানে এরা বেশি লাফালাফি করবে, শান্তি বজায় রেখে এবার রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজেও বাজবে। কেউ শালীনতার মাত্রা ছাড়াবেন না।” এছাড়াও তিনি বলেন, “এমনভাবে ডিজে বাজবে যে কান ঝালাপালা হয়ে যাবে।”

এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে রাজীব সরকার নামে এক ব্যক্তি বিধাননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তভার গ্রহণ করে CID।

তদন্তকারী সংস্থা ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এক দফা জিজ্ঞাসাবাদ করেছে। পাশাপাশি সংশ্লিষ্ট সভার একাধিক ভিডিও ফুটেজ খতিয়ে দেখা হয়েছে এবং বেশ কয়েকজন সাক্ষীর বয়ানও রেকর্ড করা হয়েছে। তবে ভিডিওতে শোনা কণ্ঠস্বরটি সত্যিই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি না, তা নিশ্চিত করতে ফরেনসিক পরীক্ষার জন্য তাঁর গলার নমুনা সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তদন্তকারী সূত্রে জানা গেছে।

CID সূত্রের খবর, ফরেনসিক বিশেষজ্ঞরা ভিডিওতে থাকা কণ্ঠস্বরের সঙ্গে সংগৃহীত নমুনা মিলিয়ে দেখবেন। সেই কারণেই তাঁকে ৩০ জুন হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে। যদিও এ বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


নবীনতর পূর্বতন