জামুড়িয়ার কুনুস্তোরিয়ায় তৃণমূলের দেওয়াল লেখায় গোবর লেপনে চাঞ্চল্য ছড়ালো,তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর

 

সত্যনারায়ণ সিং,জামুড়িয়া,(খবর7দিন প্লাস):- জামুড়িয়া বিধানসভা এলাকার তপসি অঞ্চলে বৃহস্পতিবার তীব্র রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হয়, যখন কুনুস্তোরিয়া কোলিয়ারির মসজিদপাড়া এলাকায় তৃণমূল কংগ্রেস প্রার্থী হরিরাম সিং-এর সমর্থনে করা দেওয়াল লেখায় অজ্ঞাত দুষ্কৃতীরা একাধিক স্থানে গোবর লেপে দেয় বলে অভিযোগ।

ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়। খবর পেয়ে তপসি অঞ্চলের তৃণমূল কর্মীরা ঘটনাস্থলে জড়ো হয়ে বিক্ষোভ দেখান। তাঁদের দাবি, এটি একটি পরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্র এবং এর মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করার চেষ্টা করা হয়েছে। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানানো হয়।

অন্যদিকে, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে এবং স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে দোষীদের চিহ্নিত করার চেষ্টা চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়ে তৃণমূল প্রার্থী হরিরাম সিং বলেন, “এই ধরনের কাজ শুধু আপত্তিকর নয়, গণতন্ত্রের মূল্যবোধের ওপর আঘাত। প্রশাসনের কাছে অনুরোধ, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।”

অন্যদিকে, বিজেপি প্রার্থী ডা. বিজন মুখার্জি বলেন, “এই ঘটনায় বিজেপির কোনও কর্মীর জড়িত থাকার প্রশ্নই ওঠে না। এটি তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের ফলও হতে পারে।” তিনি নিরপেক্ষ তদন্তের দাবি জানান।

এছাড়াও, বাম প্রার্থী মাস্টার মোহাম্মদ শব্বির হুসেন এই ঘটনার নিন্দা করে বলেন, “বামপন্থীরা সবসময় ইস্যুভিত্তিক রাজনীতিতে বিশ্বাস করে। এই ধরনের কাজে আমাদের কোনও সমর্থন নেই।” তিনি প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের আবেদন জানান এবং উন্নয়নের প্রশ্নে মানুষের মনোযোগ দেওয়ার আহ্বান জানান।

ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বজায় রয়েছে। প্রশাসন পরিস্থিতির উপর কড়া নজর রাখছে এবং দ্রুত দোষীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

নবীনতর পূর্বতন