লাভপুরে পথ দুর্ঘটনায় প্রাণ গেল ৭ বছরের কন্যার, ক্ষোভে ফেটে পড়ে পথ অবরোধ

জয়ন্ত মন্ডল,লাভপুর,(খবর7দিন প্লাস):- বীরভূমের লাভপুর থানার ধনডাঙা গ্রামে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল বছর সাতেকের এক কন্যা শিশুর। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায় এবং ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা বিক্ষোভে সামিল হন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ চৌহাট্টা-সাঁইথিয়া সড়কের পাশে এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়দের দাবি, বাড়ির সামনে মায়ের সঙ্গে রাস্তা পার হওয়ার সময় চৌহাট্টার দিক থেকে দ্রুতগতিতে আসা একটি টেম্পো গাড়ি শিশুটিকে ধাক্কা মারে। গুরুতর জখম অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার পরেই এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। অভিযুক্ত গাড়িটিকে আটক করে স্থানীয়রা বিক্ষোভ দেখাতে শুরু করেন। টায়ার জ্বালিয়ে এবং রাস্তায় গাছের গুঁড়ি ফেলে চৌহাট্টা-সাঁইথিয়া সড়ক অবরোধ করা হয়, ফলে যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয়।

জানা গিয়েছে, দুর্ঘটনার পর থেকেই টেম্পোর চালক পলাতক। খবর পেয়ে লাভপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তুলতে উদ্যোগী হয়।

ঘটনাকে কেন্দ্র করে এখনও এলাকায় উত্তেজনা বজায় রয়েছে।

নবীনতর পূর্বতন