নিজস্ব সংবাদদাতা,কাঁকসা(খবর7দিন প্লাস):-
প্রতি বছরের মতো এ বছরও কাঁকসায় অনুষ্ঠিত হতে চলেছে ঐতিহ্যবাহী দানবাবার ঔরস উৎসব ও মেলা। আগামী ৯ মার্চ থেকে শুরু হওয়া এই মেলা চলবে ১৬ মার্চ পর্যন্ত। মেলাকে ঘিরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সেই লক্ষ্যেই কাঁকসা থানায় আয়োজিত হল একটি প্রশাসনিক বৈঠক।
এই বৈঠকে উপস্থিত ছিলেন কাঁকসা থানার পুলিশ আধিকারিকরা, কাঁকসার এসিপি, কাঁকসার বিডিও সৌরভ গুপ্ত, জেলা পরিষদের সদস্য সমীর বিশ্বাস ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়, কাঁকসা ট্রাফিক গার্ডের ওসি এমডি আশরাফুল ইসলাম, কাঁকসা পঞ্চায়েতের সদস্য দেবদাস বক্সী ও নব কুমার সামন্ত-সহ কাঁকসা ও ত্রিলোকচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানরা।
মেলা কমিটির সদস্য পিরু খান জানান, এই মেলায় সব ধর্মের মানুষ অংশগ্রহণ করেন, যদিও হিন্দু ধর্মাবলম্বীদের উপস্থিতি বেশি দেখা যায়। বহু বছরের প্রাচীন এই মেলাকে কেন্দ্র করে প্রতিবছরই মানুষের ভিড় জমে। মেলা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রশাসনের পাশাপাশি বিভিন্ন দফতরের কর্মীরা দায়িত্বে থাকবেন।
তিনি আরও জানান, মেলায় পুলিশি নিরাপত্তার পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও নজরদারি চালাবেন। গোটা মেলা প্রাঙ্গণে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি করা হবে। পাশাপাশি খাবারের দোকানগুলিতেও নিয়মিত পরীক্ষা চালানো হবে, যাতে কোনোভাবে ভেজাল খাবার বিক্রি না হয় এবং মানুষের স্বাস্থ্যের ক্ষতি না ঘটে। ব্যবসায়ীদেরও এই বিষয়ে সচেতন করা হবে।
প্রশাসন ও মেলা কমিটির যৌথ উদ্যোগে এবারের দানবাবা মেলা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলেই আশা প্রকাশ করা হয়েছে।



