নিজস্ব সংবাদদাতা,কাঁকসা(খবর7দিন প্লাস):-আকাশ মেঘলা থাকলেও উৎসাহে কোনও ভাটা পড়েনি। সোমবার সাড়ম্বরে কাঁকসার বিভিন্ন প্রান্তে পালিত হলো হুল দিবস। ১৮৫৫ সালের ৩০ জুন সিধু ও কানহু মুর্মুর নেতৃত্বে ব্রিটিশ শাসন ও মহাজনী শোষণের বিরুদ্ধে সংঘটিত ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের স্মৃতিকে শ্রদ্ধা জানিয়ে প্রতি বছর এই দিনটি হুল দিবস হিসেবে পালিত হয়।
এদিন কাঁকসার বিভিন্ন এলাকায় আদিবাসী সম্প্রদায়ের যুবক-যুবতী, মহিলা ও শিশুদের অংশগ্রহণে ফুটবল প্রতিযোগিতা, দৌড়, তির-ধনুকে লক্ষ্যভেদ, চোখ বেঁধে হাঁড়ি ভাঙা, পাতা সেলাই-সহ একাধিক ঐতিহ্যবাহী ও ক্রীড়ামূলক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বিশেষ আকর্ষণ ছিল কাঁকসার ঝিনুকগড় ফুটবল মাঠের অনুষ্ঠান। পানাগড় শিল্পতালুকের ইথানল প্রস্তুতকারী সংস্থা এলকো গ্রীন-এর উদ্যোগ ও সহযোগিতায় সেখানে প্রায় ১০টি ভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়। দিনভর চলা অনুষ্ঠানে বিপুল সংখ্যক আদিবাসী পরিবারের মানুষ অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
স্থানীয় আদিবাসী বাসিন্দাদের বক্তব্য, প্রতিবছর সীমিত পরিসরে হুল দিবস পালন করা হলেও এবার এলকো গ্রীনের সহযোগিতায় অনুষ্ঠানটি অনেক বড় আকারে আয়োজন করা সম্ভব হয়েছে। বিশেষ করে মহিলাদের অংশগ্রহণ ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো। দিনভর উৎসবের আবহে আদিবাসী সমাজের ঐতিহ্য, সংস্কৃতি ও ঐক্যের বার্তা আরও একবার তুলে ধরল কাঁকসার হুল দিবস উদ্যাপন।




