ধুমধামেই পর্দা নামল পানাগড় প্রিমিয়ার লিগে, ফাইনালে চমক সায়ন্তিকার—জয়ী দল পেল ৭৫ হাজার টাকা

নিজস্ব সংবাদদাতা,পানাগড়(খবর7দিন প্লাস):-চরম উৎসাহ ও উচ্ছ্বাসের মধ্য দিয়ে শেষ হলো পানাগড় প্রিমিয়ার লিগ (PPL)। যুব সমাজকে মাঠমুখী করতে আইপিএলের ধাঁচে আয়োজন করা হয়েছিল এই টুর্নামেন্ট। দুই মাস আগে সম্পন্ন হয় নিলাম পর্ব, এরপর ১২টি দল নিয়ে গত ১৬ তারিখ শুরু হয় প্রতিযোগিতা।

বুধবার ছিল চূড়ান্ত পর্বের খেলা। আর সেই ফাইনাল ম্যাচকে আরও জমকালো করে তুলতে উপস্থিত ছিলেন বাংলা চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেত্রী ও বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সাইবার সেলের আধিকারিক বিশ্বজিৎ মুখার্জী, কাঁকসা ট্রাফিক গার্ডের ওসি অনুপ হাতি, পানাগড় প্রিমিয়ার লিগের সদস্যরা ও খেলার মূল উদ্যোক্তা পল্লব বন্দ্যোপাধ্যায়সহ বিশিষ্টজনেরা।

মাঠে নেমে খেলোয়াড়দের উৎসাহ দিতে দেখা যায় সায়ন্তিকাকে। পরে মঞ্চে বসে উপভোগ করেন পুরো ম্যাচ। ফাইনালে বিজয়ী দলকে ৭৫ হাজার টাকার চেক ও ট্রফি তুলে দেন তিনি। রানার্স-আপ দলকে দেওয়া হয় ৫৫ হাজার টাকা ও ট্রফি
দর্শকদের উদ্দেশে গান গেয়েও সকলের মন জয় করেন অভিনেত্রী।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সাইবার সেলের আধিকারিক বিশ্বজিৎ মুখার্জী বলেন, “পানাগড়ের মানুষ বরাবরই খেলাপ্রেমী। PPL যে সাড়া ফেলেছে তা দেখে আমরা আনন্দিত। ভবিষ্যতেও এমন উৎসাহ বজায় থাকুক।”

বিরধীদের কটাক্ষের জবাবে সায়ন্তিকার বক্তব্য, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি খেলাধুলা ও উৎসবের মাধ্যমে মানুষের আনন্দ বাড়াতে পারেন, তবে তাতে ক্ষতি কোথায়?”

মূল উদ্যোক্তা পল্লব বন্দ্যোপাধ্যায় জানান, দর্শকদের অভূতপূর্ব প্রতিক্রিয়াই তাদের উদ্যোগের সাফল্য প্রমাণ করেছে। আগামী বছর ১৬টি দল নিয়ে আরও বড় পরিসরে আয়োজন করা হবে পানাগড় প্রিমিয়ার লিগ। থাকছে দিবারাত্রি খেলার আয়োজন এবং একাধিক চমকও।

এ বছরের PPL দর্শক-আবেগ, তারকা উপস্থিতি এবং খেলোয়াড়দের উৎসাহ—সব মিলিয়ে পানাগড়ে তৈরি করল এক নতুন ক্রীড়া-উন্মাদনার পরিবেশ।

নবীনতর পূর্বতন