সত্যনারায়ণ সিং,জামুরিয়া(খবর7দিন প্লাস):-জামুরিয়ার চিচুড়িয়া ডাঙ্গালপাড়ায় শনিবার সকাল প্রায় ১১টা নাগাদ ঘটে যায় মর্মান্তিক পথ দুর্ঘটনা। বালি বোঝাই গাড়ির ধাক্কায় পাগলা গোপ নামে এক ব্যক্তির মৃত্যু হয় বলে দাবি স্থানীয়দের। মৃত ব্যক্তি বিজেপি কর্মী বলেই জানা গেছে। ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে।
খবর পেয়ে জামুরিয়া থানার পুলিশ ও কেন্দা ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে পৌঁছাতেই ক্ষুব্ধ জনতার একটি অংশ পুলিশের গাড়িতে ভাঙচুর চালায় বলে অভিযোগ। পরিস্থিতি রণক্ষেত্রের রূপ নিলে পুলিশের ওপর হামলাও হয়। জনতা বিক্ষুব্ধ হয়ে ওঠায় কিছু পুলিশকর্মী প্রাণ বাঁচাতে সেখান থেকে সরে যেতে বাধ্য হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অধীনে জামুরিয়া থানার বিশাল বাহিনী ঘটনাস্থলে মোতায়েন হয়। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে। পুলিশের ওপর হামলায় এএসআই বিপিন পাল, কনস্টেবল কোবির খানসহ একাধিক পুলিশকর্মী আহত হন। গুরুতর অবস্থায় এএসআই বিপিন পালকে দুর্গাপুর মিশন হাসপাতালে ভরতি করা হয়।
ঘটনার পরে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়। আটক করা হয় পুলিশের ওপর হামলায় জড়িত সন্দেহে কয়েকজনকে। পাশাপাশি উদ্ধার করা হয় বালিবোঝাই গাড়িটি এবং ভাঙচুর হওয়া পুলিশের যান।
এলাকায় এখনও থমথমে পরিস্থিতি। শনিবার রাত থেকে টহলদারি ও পুলিশি পাহারা জারি রয়েছে।



